তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই স্লোগান ও তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মহোদয়।সম্মাননা স্মারক(ক্রেস্ট) ও পুরস্কারের সনদপত্র বিতরণ করেন সংসদ সদস্য ডা: কে এম বাবর। ছবি : সংগৃহীতআলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, একটি দেশের অন্যতম বড় চালিকাশক্তি হলো তার তরুণ প্রজন্ম। তরুণদের সঠিক শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারলে জনসংখ্যা আর বোঝা থাকবে না, বরং তা জনসম্পদে পরিণত হবে। তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন করতে হলে পরিকল্পিত পরিবার গঠনের কোনো বিকল্প নেই। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পরিবার পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, গোপালগঞ্জ জেলাকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে হলে আমাদের জনসংখ্যাকে পরিকল্পিত উপায়ে নিয়ন্ত্রণ ও সদ্ব্যবহার করতে হবে।সম্মাননা স্মারক(ক্রেস্ট) ও পুরস্কারের সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। ছবি :সংগৃহীত অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও পুরস্কারের সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পুরস্কারপ্রাপ্ত কর্মীরা এই স্বীকৃতিকে তাঁদের কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে বলে অনুভূতি ব্যক্ত করেন।[TECHTARANGA-POST:1001]উক্ত বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলার বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফল এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।