মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: সড়কের দুই পাশে রোপণ করা হচ্ছে ৩ হাজার সুপারি গাছ
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের কোঠারা কান্দি থেকে বুমোরীয়া পর্যন্ত দীর্ঘ সড়কের দুই পাশে প্রায় ৩ হাজার সুপারি গাছ রোপণের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নওহাটা এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখন থেকেই সচেতনতা বাড়াতে হবে এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি কেবল গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা ও সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন :মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবিরুল ইসলাম।উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু।উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ এবং পল্লী বিদ্যুতের ডিজিএম তুষার আহমেদ।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েম উদ্দিন ও আইসিটি অফিসার আব্দুল বাতেন লোল্লা।মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিধি, সাংবাদিক ও সুধীজন।[TECHTARANGA-POST:709]ছবি : দৈনিক নতুন আলো বক্তারা বলেন, সড়কের দুই পাশে এই সুপারি গাছ রোপণের ফলে যেমন গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি ভবিষ্যতে এসব গাছের ফল স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গাছগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান স্থানীয় নওহাটা আব্দুর রহিম মিয়া উচ্চ বিদ্যালয়ে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক এক বিশেষ আলোচনায় অংশ নেন। প্রায় ২০ মিনিটব্যাপী এই প্রাণবন্ত মতবিনিময়ে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়া, পরিবেশ সংরক্ষণে নিজেদের বাড়ির আঙিনায় গাছ লাগানো এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।[TECHTARANGA-POST:710]এরপর তিনি ৬৪নং নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে তাদের মনোযোগ সহকারে পড়াশোনা করার তাগিদ দেন। মুকসুদপুর উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।