ববিতা সমগ্র : কিংবদন্তি অভিনেত্রীকে ঘিরে মাছরাঙা টিভির অনন্য উপহার
বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। আগামী ৩০ জুলাই অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ খ্যাত এই অভিনেত্রীর জন্মদিন। একই দিনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই জোড়া উদযাপনের বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অনন্য এই অনুষ্ঠানটি।প্রখ্যাত উপস্থাপক রুম্মান রশীদ খানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় এবং অজয় পোদ্দারের প্রযোজনায় নির্মিত ‘ববিতা সমগ্র’ প্রচারিত হবে ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে।অনুষ্ঠানটিতে কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্ম থেকে অদ্যাবধি পুরো জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। তাঁর জীবনের নানা জানা-অজানা গল্প, রুপালি পর্দার রোমাঞ্চকর অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক ছাড়াও থাকছে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণ।এই বিশেষ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ দেশের সংস্কৃতি অঙ্গনের মহাতারকাদের মেলা। অনুষ্ঠানে উপস্থিত থেকে ববিতাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং স্মৃতিচারণ করেছেন সংগীতের দুই সুরসম্রাজ্ঞী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, চিত্রনায়ক ও নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, গুণী অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই সহোদরা অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং মেগাস্টার শাকিব খান।নিজের জন্মদিনে এমন এক্সক্লুসিভ উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত ববিতা। তিনি বলেন, “যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানটি দেখলে আমার পুরো জীবনটাই দর্শক একনজরে জানতে পারবেন। আমার বিশ্বাস, সবার এটি খুব ভালো লাগবে।”[TECHTARANGA-POST:1068]অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালক রুম্মান রশীদ খান জানান, সাধারণ সেলিব্রিটি টক শোর ছকে বাঁধা গল্পের বাইরে গিয়ে ববিতাকে ঘিরে এটি একটি অসামান্য দলিল হিসেবে কাজ করবে। দর্শক কেবল সাক্ষাৎকারই নয়, ববিতার অনন্য জীবন, ক্যারিয়ার ও সোনালী স্মৃতির নতুন সব অধ্যায় এই অনুষ্ঠানের মাধ্যমে পুনরাবিষ্কার করতে পারবেন।