মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা : শুরু হলো হিজরি ১৪৪৮ নতুন বছর!

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র মহররম মাস এবং একই সাথে সূচনা হলো হিজরি ১৪৪৮ নতুন সন। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র আশুরা।আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) মো. ফজলুর রহমানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিটি নিশ্চিত করে যে, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।গুরুত্বপূর্ণ এই সভায় আরও উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।আরবি মহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এটি হিজরি সনের প্রথম মাস। অন্যদিকে, আরবি আশারা শব্দের অর্থ দশ এবং আশুরা মানে দশম। অর্থাৎ মহররম মাসের ১০ তারিখকেই পবিত্র আশুরা বলা হয়।ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত শোকাবহ, ঐতিহাসিক এবং তাৎপর্যমণ্ডিত। হিজরি ৬১ সনের ১০ মহররম ইসলামের ইতিহাসে এক নির্মম অধ্যায় রচিত হয়েছিল। সত্য ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন।কারবালার এই হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে ১০ মহররম আরও বহু গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা ঘটেছে। সৃষ্টির শুরু থেকে অনেক নবী-রাসূলের জীবনের ঐতিহাসিক বিজয়ের সাথে এই দিনটি মিশে আছে। এই তাৎপর্যময় দিনটিকে স্মরণ করে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন এবং নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি অতিবাহিত করেন।

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা : শুরু হলো হিজরি ১৪৪৮ নতুন বছর!