চাঁদপুরে ‘সাগরিকা এক্সপ্রেসের’ নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু
চাঁদপুর শহরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ব্যস্ততম ছায়াবাণী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি। ট্রেনটি শহরের ছায়াবাণী রেল ক্রসিং অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিল তায়েবা। এ সময় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সঙ্গে থাকা একটি পরিচয়পত্র উদ্ধার করে। উদ্ধারকৃত পরিচয়পত্র অনুযায়ী নিহত তায়েবা আক্তার চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিচয়পত্রে তার বাবার নাম তাজুল ইসলাম ও মায়ের নাম আমেনা বেগম উল্লেখ রয়েছে।[TECHTARANGA-POST:1107]চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পরিচয়পত্রের মাধ্যমে স্বজনদের খবর দেওয়া হলে নিহতের অভিভাবকেরা থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।