চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু: গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গায় হানা দিয়েছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। ঝড়ের কবলে পড়ে টিনের চাল সামলাতে গিয়ে নিচে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৮টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে জেলাজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।নিহত মকলেছুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। স্বজনরা জানান, রাত ৮টার দিকে ঝড়ের তীব্রতা বাড়লে তিনি নিজ বাড়ির টিনের চাল সামাল দিতে উপরে ওঠেন। এসময় প্রচণ্ড বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঝড়ের দাপটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করলে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।[TECHTARANGA-POST:350]চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান জানিয়েছেন, কালবৈশাখীতে আম, লিচুসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।